
বেলজিয়াম ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা নিষিদ্ধ, কারণ জানায়নি ফিফা।শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে বড় বিতর্কের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। লাল কার্ড ইস্যুতে ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার মধ্যেই যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।নিষিদ্ধ হওয়া দুই কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্র দলের টিম ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহ-সভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল। তবে ঠিক কী অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন-এর সাংবাদিক জেফ কার্লাইলের তথ্য অনুযায়ী, রাউন্ড অব ৩২-এ বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে ফিফার ম্যাচ-সংক্রান্ত প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ সময় কয়েকজন ব্যক্তি এমন একটি নির্ধারিত এলাকায় প্রবেশ করেছিলেন, যেখানে তাদের থাকার অনুমতি ছিল না। তবে ঘটনাটিতে কোনো ধরনের শারীরিক সংঘর্ষ বা হাতাহাতির ঘটনা ঘটেনি।
ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার সঙ্গে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে শাস্তির কারণ সম্পর্কেও তারা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি।উল্লেখ্য, স্যাম জাপাটকা ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৫ সাল থেকে তিনি ইউএস সকার ফেডারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।