![]() |
| ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান |
স্টাফ রিপোর্টার:
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আলোচিত রাজনীতিবিদ ও সমাজসেবক মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
রোববার (১৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি দলের লক্ষ্য, আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদান শেষে মুফতি রায়হান জামিল বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গঠন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ফরিদপুর-৪ আসনসহ সারা দেশের মানুষের কল্যাণে সততা, ন্যায়নীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্যোগ ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া গভীর রাতে অসহায় মানুষের বাড়ি বাড়ি এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করে।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মুফতি রায়হান জামিলকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
