অবহেলায় জরাজীর্ণ রাজধানীর বকশীবাজারের ডাকবাক্স, ভেতরে মিলল ময়লা-আবর্জনানিজস্ব প্রতিবেদক | Voice of Rising Bangla
রাজধানীর বকশীবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের একটি ডাকবাক্স দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। একসময়ের গুরুত্বপূর্ণ এই ডাকবাক্সটি বর্তমানে মরিচায় ক্ষতিগ্রস্ত ও আংশিক ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে ভেতরে তাকিয়ে দেখা যায়, সেখানে কোনো চিঠি নেই; বরং পড়ে রয়েছে চানাচুরের প্যাকেট, বিস্কুটের মোড়কসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা।সরেজমিনে দেখা গেছে, ডাকবাক্সটির নিচের অংশ ভেঙে গেছে এবং পুরো কাঠামোতে মরিচা ধরেছে। ডাকবাক্সটির ভেতর ময়লা-আবর্জনা জমে থাকলেও তা অপসারণ বা পরিষ্কারের কোনো দৃশ্যমান উদ্যোগের চিহ্ন দেখা যায়নি।একসময় দেশের ডাকব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল এসব ডাকবাক্স। ব্যক্তিগত চিঠিপত্র, সরকারি নথি, চাকরির নিয়োগপত্র, পরীক্ষার ফলাফলসহ নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র আদান-প্রদানে এসব ডাকবাক্সের ভূমিকা ছিল অপরিসীম। তবে তথ্যপ্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা বিস্তারের পর ডাকবাক্সের ব্যবহার কমে আসে। এর সঙ্গে তাল মিলিয়ে অনেক স্থানের ডাকবাক্সও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে থাকা এই ডাকবাক্স দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর পড়েনি। তাদের দাবি, দেশের ডাক ঐতিহ্যের অংশ হিসেবে এমন স্থাপনাগুলো সংরক্ষণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।
Tags
ডাকবক্স