
রাজধানীর মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে নিরীহ মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক, সমবেদনা এবং তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মিরপুর থানা শাখা।সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ দুর্ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিবৃতিতে সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, রাজধানীর মতো একটি জনবহুল এলাকায় এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা বা গাফিলতি থেকে থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মিরপুর থানা শাখা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।