শাসকগোষ্ঠীর নীতিভ্রষ্টতা, দুর্নীতি ও অদক্ষতার কারণেই দেশের প্রধান শহরগুলো ডুবতে বসেছে: পীর সাহেব চরমোনাই
✍️মুহাম্মদ শফিকুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতার পর থেকে ক্ষমতায় আসা সরকারগুলোর নীতিভ্রষ্টতা, দুর্নীতি ও অদক্ষতার কারণেই দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে। এর ফলেই রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের প্রধান শহরগুলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে।
সোমবার (১৩ জুলাই) ফরিদপুরের ভাঙ্গারাস্তার মোড় পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মুফতি মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের ভূ-প্রকৃতি বিবেচনায় নিয়ে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলেও এর ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে মানুষের কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল। বাংলাদেশ একটি বৃষ্টিপ্রবণ ও ভাটির দেশ হওয়া সত্ত্বেও স্বাধীনতার পর কোনো সরকারই উন্নয়ন পরিকল্পনায় এই বাস্তবতাকে যথাযথ গুরুত্ব দেয়নি। স্বাধীনতার সময় দেশের নদীপথের দৈর্ঘ্য ছিল প্রায় ২৪ হাজার কিলোমিটার, যা বর্তমানে বর্ষা মৌসুমেও প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটারে নেমে এসেছে। এছাড়া ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরের খাল-নদী দখল ও ভরাট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কারের অভাবে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বাস্তবতা ও পরিবেশগত বৈশিষ্ট্যকে সামনে রেখে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক নদীর পানিবণ্টন সমস্যার সমাধানে দ্বিপক্ষীয় আলোচনায় অগ্রগতি না হলে আন্তর্জাতিক পরিসরে বিষয়টি উত্থাপন করা উচিত।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ।
সম্মেলনের শেষে মুফতি মোস্তাফা কামালকে সভাপতি এবং হাফেজ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
