প্রবেশপত্রের ত্রুটিতে পরীক্ষা দিতে না পেরে কেন্দ্রেই কান্নায় ভেঙে পড়লেন শিক্ষার্থী

প্রবেশপত্রের ত্রুটিতে পরীক্ষা দিতে না পেরে কেন্দ্রেই কান্নায় ভেঙে পড়লেন শিক্ষার্থী

লেখা. মুহাম্মদ আনোয়ার হোসেন, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

 প্রবেশপত্রে বিষয়ের নাম ও কোডের অসংগতির কারণে বরিশালের মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে কান্নাজড়িত অবস্থায় কেন্দ্র থেকে বের হয়ে রাস্তার পাশে একটি গাছের নিচে বসে পড়েন তিনি। ঘটনাটি ঘটে ১৩ জুলাই অনুষ্ঠিত যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায়।ভুক্তভোগী শিক্ষার্থী রিপা দেওয়ান, উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্বহর্ণী গ্রামের ইদ্রিস আলী দেওয়ানের মেয়ে।জানা গেছে, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ে উপস্থিত হন রিপা। প্রবেশপত্র জমা দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেখতে পান, তার অ্যাডমিট কার্ডে যুক্তিবিদ্যার পরিবর্তে সমাজকল্যাণ বিষয়ের নাম ও কোড উল্লেখ রয়েছে। বোর্ডের বিধি অনুযায়ী বিষয় ও কোডের মিল না থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।রিপা দেওয়ান বলেন, “আমি যুক্তিবিদ্যা বিষয়েই রেজিস্ট্রেশন করেছি এবং কলেজের টেস্ট পরীক্ষাও ওই বিষয়েই দিয়েছি। পরীক্ষার দুই দিন আগে অ্যাডমিট কার্ড হাতে পেলেও বিষয় পরিবর্তনের বিষয়টি খেয়াল করিনি। সমাজকল্যাণের বইও কিনিনি, পড়াশোনাও করিনি। এখন বাবা-মায়ের কাছে কীভাবে মুখ দেখাব? কলেজের শিক্ষকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলেন না কেন?”রিপার বাবা ইদ্রিস আলী দেওয়ান বলেন, “আমি দিনমজুর মানুষ। অনেক কষ্ট করে মেয়েকে পড়ালেখা করাচ্ছি। একটি ভুলের কারণে আজ আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”একই কেন্দ্রের আরেক পরীক্ষার্থীর মা আখি চৌধুরী বলেন, “আমার মেয়ে পরীক্ষা দিলেও রিপা দিতে পারেনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর ন্যায়সংগত সমাধান হওয়া উচিত।”পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, “যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ের নাম ও কোড শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ছিল না। বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া সম্ভব হয়নি। এছাড়া তার সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডও ছিল না।”মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। কোনো প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক ত্রুটি প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নবীনতর পূর্বতন

Ad 1

https://www.effectivecpmnetwork.com/x6hpi8a1b?key=e1762233781b49055b71d6357d22b814